বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরীকে বাসের চাকায় পিষে দেওয়ার আগে আরেক তরুণীকে চাপা দিয়েছিল সুপ্রভাতের সেই চালক।
মঙ্গলবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের উল্টো পাশের সড়কের জেব্রা ক্রসিংয়ে সুপ্রভাত বাসের চাপায় নিহত হন আবরার। এর আগে ওই তরুণীকে চাপা দিয়ে আহত করে চালক সিরাজুল ইসলাম।
সিনথিয়া সুলতানা মুক্তা (২০) নামের ওই তরুণীকে সাহজাদপুরের বাঁশতলা এলাকায় চাপা দেওয়া হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছে, পথচারী তরুণীকে চাপা দিয়ে সে পালিয়ে আসে। এরপর যমুনা ফিউচার পার্কের উল্টো পাশের সড়কে আববারকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে।
আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরীর দায়ের করা মামলায়ও ওই তরুণীকে চাপা দেওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।
গুলশান থানার মামলায় তিনি চালক সিরাজুল ছাড়াও বাসের হেলপার, কন্ট্রাক্টার ও বাস মালিককে অপরাধের সহযোগী হিসেবে আসামি করেছেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, চালক সিরাজুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।