ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে সিলেটে যুবক গ্রেপ্তার

ফেসবুকে প্রধানমন্ত্রীসহ জাতীয় নেতৃবৃন্দের নামে অশালীন প্রচার এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থেকে এবাদুর রহমান (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এবাদুর গোয়াইনঘাট উপজেলার খাসমৌজা গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।

বুধবার সকালে র‌্যাব-৯ এর একটি দল খাসমৌজা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান জানান, এবাদুর দীর্ঘদিন ধরে ফেসবুকের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মানহানিকর প্রচার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এবাদুরকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।