খেলাঘরের প্রথম জয়

টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে (বিকেএসপি) হারিয়ে জয় খরা কাটায় দলটি।

বুধবার বিকেএসপিকে ২৭ রানে হারায় খেলাঘর। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে খেলাঘর ৮ উইকেটে ২১২ রানের ছোট্ট পুঁজি গড়ে। জবাবে ৯ উইকেটে ১৮৫ রানে থামে বিকেএসপির ইনিংস। এ নিয়ে তৃতীয় হারের স্বাদ পেল দলটি।

খেলাঘর দুই শ পেরোনো পুঁজি পায় রবিউল ইসলাম রবি ও মহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে। রবি ৭৫ ও অঙ্কন ৪৯ রান করেন। তবে ১ উইকেট ১৩৩ রান করে ফেলার পরও অন্যদের ব্যর্থতায় ২১০ রানে থামে দলটি।

বিকেএসপির পক্ষে ৩ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। জোড়া উইকেট নেন শামিম হোসেন।

জবাব দিতে নেমে শামিম হোসেন ফিফটি করলেও অন্যরা বড় স্কোর করতে পারেননি। শামিম ৮৮ বলে ৫৬ রান করেন ৪ চারে। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৪ রান আসে নয় নম্বরে নামা সুমন খানের ব্যাট থেকে।

খেলাঘরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রবিউল হক, রবিউল ইসলাম রবি, ইরফান হোসেন ও মাসুম খান।

৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে খেলাঘর। সমান ম্যাচে সমান সংখ্যক জয়-পরাজয়ে বিকেএসপির অবস্থান নবম।

ম্যাচসেরা হয়েছেন রবিউল ইসলাম রবি।