ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ফিরোজুর রহমান।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এই দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জানান, নির্বাচনী প্রচারণার অফিস নিয়মের চেয়ে বড় আকারে করায় নির্বাচনী আচরণবিধির ১৬ ধারায় তাদের এই দণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করা হয়েছে।