চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে অশালীন উদ্যাপন করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম লেগের ম্যাচে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে একইরকম অশালীন উদ্যাপন করে মোটা অঙ্কের জরিমানা গুনেছিলেন। উয়েফা রোনালদোকেও শাস্তি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে কী শাস্তি হতে পারে তা নিয়ে কিছু জানায়নি।
এদিকে ইউভেন্তুসের পর্তুগিজ তারকার সতীর্থ ফেদরিকো বার্নাদেচ্চি বলেছেন, উয়েফা যদি রোনালদোকে সাসপেন্ড করে সেটা হবে পাগলামি।
২০২০ ইউরো যোগ্যতা নির্ধারণী ম্যাচের আগে বার্নাদেচ্চি বলেন, ‘‘আমি মনে করি শাস্তির কোনো দরকার নেই। আর সাসপেনশন দিলে তা হবে পাগলামি।’’
এরপর এই উইঙ্গারের মন্তব্য, ‘‘আমার মনে হয় ওটা ওখানেই শেষ হয়ে গেছে। এটা ছিল স্রেফ একটা উদ্যাপন মাত্র। আমি তাকে (রোনালদো) শান্ত আর রিলাক্স দেখেছি। আমরাও শান্ত ছিলাম। আমি নিশ্চিত সবকিছু ভালোয় ভালোয় শেষ হবে।’’
প্রথম লেগে ইউভেন্তুসকে ২-০ গোলে হারিয়েছিল আতলেতিকো। এরপর দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতে (৩-২ অ্যাগ্রিগেড) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে তুরিনের ওল্ড লেডিরা। সব অর্থেই ইউভেন্তুসের এই জয়টি ছিল ঐতিহাসিক।
ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করেছিলেন। বার্নাদেচ্চি পর্তুগিজ তারকার প্রশংসা করে বলেন, ‘‘ক্রিস্তিয়ানো হলো অসাধারণ এক চ্যাম্পিয়ন। সে আমাদের অনেক কিছু দিয়েছে। চ্যাম্পিয়নের মতো তার ক্যারিশমা। তার পাশে থাকলে প্রতিদিন অনেক কিছু শেখা যায়।’’
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ইউভেন্তুসের প্রতিপক্ষ ডাচ ক্লাব আয়াক্স।