কাজাখস্তানের সিনেটের প্রধান কাশেম জোমার্ত তোকায়েভ দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে গতকাল বুধবার শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পরই তিনি দেশটির রাজধানীর নাম পরিবর্তনের প্রস্তাব দেন বলে জানিয়েছে এএফপি।
তিন দশক ক্ষমতায় থাকার পর গত মঙ্গলবার প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ পদত্যাগের ঘোষণা দিলে কাশেম জোমার্তকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকবেন। শপথ নেওয়ার পর পার্লামেন্টের উচ্চ এবং নিম্নকক্ষে একই সময়ে রাজধানী আস্থানার নাম পরিবর্তন করে নাজারবায়েভ রাখার প্রস্তাব তোলেন। এ সময় তিনি আরও বলেন, ‘সুলতান নাজারবায়েভ পদত্যাগের ঘোষণা দিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। গতকাল বিশ্ববাসী এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে। কাজাখস্তানের স্বাধীনতার ফল দেখতে পাচ্ছে মানুষ।’
১৯৯৭ সালের আগ পর্যন্ত আস্থানার নাম ছিল আলমাতি। নতুন নাম নিয়ে একটি প্রাদেশিক শহর থেকে ধীরে ধীরে ব্যস্ত বাণিজ্যিক রাজধানীতে পরিণত হয় আস্থানা। কাজাখ ভাষায় আস্থানা শব্দের অর্থ ‘রাজধানী’।
তোকায়েভ তৎকালীন সোভিয়েত আমলে দুই দফায় কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। দক্ষ কূটনীতিক হিসেবে তখন থেকেই তিনি বেশ সুনাম অর্জন করেন।