৩ হত্যা মামলার রায়

ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের তারাকান্দায় দুই ভাইকে হত্যার দায়ে চারজনকে এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ দুই মামলায় অপর সাতজনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ আর্থিক জরিমানাও করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর :

ভালুকা (ময়মনসিংহ) : তারাকান্দার কোদালধর এলাকায় দুই ভাইকে হত্যার দায়ে গতকাল বুধবার দুপুরে চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ময়মনসিংহ বিশেষ জজ আদালতের বিচারক এহ্সানুল হক। এ ছাড়া অপর দুই আসামিকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুরের জমির উদ্দিনের ছেলে আবুল কাসেম (৫০) ও লিয়াকত আলী (৫৫), লিয়াকতের ছেলে আনোয়ার হোসেন (৩৫), সিরাজ আলীর ছেলে হোসেন আলী (৬২)। এ ছাড়া কুরতুল মিয়া ও ফয়েজ উদ্দিনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ১৬ জনকে খালাস দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুর উপজেলার পূর্বজগত গ্রামের শামসুদ্দিন টগর (৪৮) হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড  এবং তিনজনের দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এই দণ্ডাদেশ প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে রবিউল ওরফে রবু (২৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নওগাঁর নেয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের কাদের (২৭), শামসুল (৩০), শাম মোহাম্মদ (৫৭), আপেল (২০)। দুই বছরের দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মঙ্গলতারা গ্রামের এনামুল হক (৪৬) ও শরিফ (২৫), পূর্বজগত গ্রামের আইনাল হক (৩৫)।

জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে ২০১৩ সালের ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনায়েতপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পূর্বজগত গ্রামে শামসুদ্দিন টগরকে দণ্ডপ্রাপ্তরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। পরের দিন ভোর ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়।