আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নির্বাচনী কর্মকর্তাসহ সাতজন নিহতের ঘটনার সঙ্গে উপজেলা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তারই পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেরাই সংঘর্ষে লিপ্ত হয়েছে।’ গতকাল বুধবার কুষ্টিয়া শহরের কালেক্টরেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, ‘পাহাড়িদের অভ্যন্তরীণ কোন্দল যারা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলে, তারা আসলে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ দেখে হতাশ। তাদের এই মন্তব্যে রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।’ আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘দেশের প্রত্যেকটি এলাকায় শান্তিপূর্ণভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এরপরও কোনো রাজনৈতিক দল বা দলের নেতা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে যদি প্রশ্ন করেন, তাহলে বলতে হয় তারা সবসময় এ দেশকে অস্থিতিশীল ও অশান্ত দেখতে পছন্দ করেন।’