সিগারেটের আগুন নববধূর শরীরে

যৌতুকের দাবি পূরণ করতে না পারায় এক মদ্যপ স্বামী সিগারেটের আগুনের স্যাকা দিয়ে ঝলসে দিয়েছে হাসনা বেগম নামে এক নববধূ’র শরীর। এ ঘটনায় বুধবার রাজবাড়ী থানা-পুলিশ অভিযুক্ত স্বামী শাহীন শেখকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, মাত্র এক মাস আগে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের মৃত মনসের শেখের ছেলে মো. শাহিন শেখ (৩০)-এর সঙ্গে জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রামের মৃত মো. পাষাণ সরদারের মেয়ে হাসনা বেগম (২০)-এর বিয়ে হয়।

নববধূ হাসনা বেগম বলেন, গত ১৭ মার্চ রাতে শাহিন তার আরো ২/৩ জন বন্ধুকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। ঘরের মধ্যে বসে মদ্যপান করে। মদ্যপান শেষে শাহিন তাকে গালাগাল করে এবং বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে বলে।

তিনি তার কথায় রাজি না হলে শাহিন তার বন্ধুদের সহায়তায় তার মুখ গামছা দিয়ে বেঁধে ডান ও বাম হাতসহ পেটের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের স্যাকা দিয়ে ঝলসে দেয়।

রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় ওই নববধূ’র বড় ভাই দেলু সরদার বাদী হয়ে  বুধবার শাহিন শেখকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে পুলিশ শাহিনকে বিকেলে গ্রেপ্তার করেছে।

এদিকে স্বামীর সিগারেটের স্যাকায় ঝলসে যাওয়া নববধূ হাসনাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।