ফরিদপুরে অগ্নিকাণ্ড, বৃদ্ধা ও গবাদিপ্রাণির মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা ও সালথায় দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুসহ আটটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার দিনগত রাতে সালথায় ও বুধবার দুপুরে নগরকান্দার বিনোকদিয়া বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নগরকান্দা উপজেলায় দুপুর আড়াইটার দিকে বিনোকদিয়া বাজারের পাশে ব্যাপারী পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা গেছেন তৃষ্ণা বেগম (৭০) নামে এক বৃদ্ধা। তিনি মৃত ফয়েজউদ্দিনের স্ত্রী। ঘর থেকে বের হতে না  পেরে আগুনে পুড়ে মারা যান এ বৃদ্ধা।

ওই এলাকার এক ব্যাপারী বাড়ির রান্না ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন মুহূর্তের ছড়িয়ে পড়ে। এখানে আটটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়। পরে নগরকান্দা দমকল বাহিনীর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে এক বৃদ্ধার মৃত্যুসহ প্রায় ১০ লাখ টাকা মূল্যের সম্পদ পুড়ে গেছে।

অন্যদিকে দিকে গত মঙ্গলবার দিনগত রাত পৌনে ৩টার দিকে সালথা উপজেলার ভাওয়াল গ্রামের ছলে মাতুব্বরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সালথা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ছলে মাতুব্বরের  গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে গোয়ালঘরে থাকা ২টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা যায়। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।