তিন দফা দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি বিএনপিপন্থী আইনজীবীদের

আগামী ৩১ মার্চের মধ্যে ফৌজদারি মোশন মামলায় আইনজীবীদের এভিডেবিট কমিশনারের সম্মুখে উপস্থিত হয়ে এফিভেবিট সম্পন্নের প্রক্রিয়া বাতিল, ঘুষ, দুর্নীতি বন্ধ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এর আগে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আন্দোলন পরিষদ’র ব্যানারে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, কো- চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট ফারুক হোসেন, সংগঠনের সুপ্রিম কোর্ট শাখার মহাসচিব অ্যাডভোকেট আইয়ুব আলী আশ্রাফী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।

মানববন্ধনে রাজধানীর প্রগতি সরণিতে গাড়ি চাপায় বিইউপির শিক্ষার্থী আবরারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ  করা হয়।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, আন্দোলনের মাধ্যমেই আইনজীবীরা দাবী আদায় করবে। অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি  নিশ্চিত করতে হবে। হাইকোর্টে এফিডেবিটের সময় আইনজীবীদের ব্যক্তিগত উপস্থিতি সম্মান ও মর্যাদাহানিকর বিধায় তা প্রতিরোধ করতে হবে।