সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় আবু সালেকের পরিবর্তে নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আসামি করা ও তিন বছর কারাবাস নিয়ে চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার এ আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।
জাহালমের ওই ঘটনা নিয়ে সম্প্রতি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন নির্মাতা মারিয়া তুষার। বিচারাধীন বিষয়ে এ ধরনের উদ্যোগকে চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন দুদকের প্রধান কৌঁসুলি মো. খুরশিদ আলম খান। এদিন আদালতে খুরশিদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার।
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইলের নাগরপুরের ধুবুড়িয়া গ্রামের জাহালমকে গ্রেপ্তার করে দুদক। ২৬টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৩ বছর জেলও খাটানো হয়। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত। শুনানি নিয়ে হাইকোর্ট জাহালমকে তাৎক্ষণিক কারামুক্তির নির্দেশ দিলে ওই রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
গত ৬ মার্চ জাহালমের বিষয়ে প্রতিবেদন জমা দেয় দুদক। দুদক আইনজীবী জানান, সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাহালমকে আসামি করা হয়।