পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াস) খাতকে উন্নয়ন কর্মসূচির মূলধারায় আনতে আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে এ খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে ওয়াস সেক্টর সংশ্লিষ্ট গবেষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এ কথা বলেন। তাদের মতে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬ নম্বর লক্ষ্যপূরণে আসন্ন জাতীয় বাজেটে সঠিক ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত না করা হলে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হতে পারে।
অনুষ্ঠানে ওয়াস বিষয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘ওয়াস খাতে বরাদ্দ অর্থ ও ব্যয়ের ধরন থেকে এটা পরিষ্কার, এর যথাযথ ব্যবহার এখনো একটি চ্যালেঞ্জ।’ উন্নয়ন সংস্থা ওয়াটার এইড, ইউনিসেফ, পিপিআরসি, ফানসা-বিডি, ডব্লিউএসএসসিসি-বি, এফএসএম নেটওয়ার্ক, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল-এর প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।