প্রতিবন্ধী প্রার্থীর ওপর হামলা প্রতিবাদ আরেক প্রতিবন্ধীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবিতে অনশনকারী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলামের ওপর হামলার প্রতিবাদ করছেন আরেক দৃষ্টিপ্রতিবন্ধী। গতকাল বুধবার দুপুর ২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন আমজাদ হোসেন। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন।

১১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছাত্র রবিউল ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ পুনর্নির্বাচনের দাবিতে ১৪ মার্চ অনশনে যোগ দেন তিনি।

দেশ রূপান্তরকে তিনি বলেন, মঙ্গলবার হলের তিন তলার করিডরে এক ছাত্র তার পথ আটকে ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অনশন করেছিলেন কি না জানতে চান। রবিউল হ্যাঁ বলতেই তার ওপর মারধর এবং গালিগালাজ করা হয়। তিনি হামলাকারীকে চিনতে পারেননি। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মারধরের প্রতিবাদে অবস্থান নেওয়া বাংলা বিভাগের চতুর্থ বর্ষের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আমজাদ বলেন, ‘এই সময়ে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীও নিরাপদ নয়। আমি এর বিচার চাই।’ পরে বিকেলে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানী আমজাদের সঙ্গে দেখা করে বিচারের আশ্বাস দিলে তিনি অবস্থান স্থগিত করেন।

হামলার বিষয়ে সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘ভুক্তভোগী দরখাস্ত দিয়েছে। আমরা দোষীকে শনাক্ত করে ব্যবস্থা নেব।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। যেহেতু মারধরকারীকে চিনতে পারিনি। তাই তাকে খোঁজা হচ্ছে। হল প্রশাসনকে বলা হয়েছে।’