মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্যমেলার দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পর দেখা গেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের স্টল ও মেগা প্যাভিলিয়নগুলোর আগ্রহ বেশি দর্শনার্থীদের। মেলায় প্রবেশের পরই মেলে আবুল খায়ের মিল্ক প্রোডাক্টসের মার্কসের প্যাভিলিয়ন। সেখানে ক্রেতারা পণ্য কিনলেই পাচ্ছেন বিশেষ কুপন। যাতে রয়েছে ১৪ ইঞ্চি কালার টিভি, মাইক্রোয়েভ ওভেনসহ ১২ ধরনের পুরস্কার।
গ্লাসঘেরা স্বচ্ছ পিএইচপি অটোমোবাইলসের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রে নগদ টাকায় প্রতিটি গাড়িতে ৫০ হাজার টাকা ছাড়ের ব্যবস্থা রয়েছে। ২৫ লাখ টাকা মূল্যের ১৬০০ সিসির প্রোটন প্রেভি গাড়ি, ১৬০০ সিসি প্রোটন এক্সোরার সাড়ে ২৬ লাখ টাকা গাড়ি।
স্টলে গাড়ির দামের ৩০ শতাংশ পরিশোধ করা যাবে বিনা সুদে ৩৬ কিস্তিতে। সাধারণত প্রতিটি গাড়িকে বিনামূল্যে তিনটি সেবা দিলেও মেলা উপলক্ষে পাঁচটি সেবা দেওয়া হচ্ছে বলে জানান বিক্রয়কর্মী মো. শামীম। অন্যদিকে এস আলম গ্রুপের স্টলে সয়াবিন তেলের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এই স্টলের বিক্রয়কর্মী মো. মেজবাহ বলেন, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং পণ্য পরিচিতির জন্য এই ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
মেলায় বনফুল গ্রুপের সকল খাদ্যপণ্য বিক্রি হচ্ছে ২০ শতাংশ মূল্যছাড়ে। ভিশন গ্রুপের সকল ইলেকট্রনিক্স পণ্যমূল্যে ১০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে জানান স্টলের বিক্রয়কর্মী জহিরুল ইসলাম। আরএফএল ও বেস্ট বাই স্টলে মিলছে ১০ শতাংশ ছাড়। আমদানি পণ্যে দেওয়া হচ্ছে ৫ শতাংশ ছাড়। এ ছাড়াও ৩০০ টাকার পণ্যের বিপরীতে দেওয়া হচ্ছে আরএফএল অফার। এ অফারে রয়েছে এলইডি টিভি, রেফ্রিজারেটর, মাইক্রো ওভেনসহ আকর্ষণীয় ৩০ পুরস্কার জেতার সুযোগ।
মেলার বেশিরভাগ স্টল সাজানো হয়েছে গৃহস্থালি পণ্য, তৈরি পোশাক, প্রসাধনী ও জুয়েলারি দিয়ে। পণ্যের গুণগত মান ভেদে মেলায় বিভিন্ন পণ্য ক্রয়ের ওপর দেওয়া হচ্ছে ৫-৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। গত ৬ মার্চ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন করেন।