আগামী ৩১ মার্চের মধ্যে খালেদা জিয়ার মুক্তিসহ পাঁচ দফা দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। এর আগে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আন্দোলন পরিষদ’-এর ব্যানারে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট ফারুক হোসেন, সংগঠনের সুপ্রিম কোর্ট শাখার মহাসচিব অ্যাডভোকেট আইয়ুব আলী আশ্রাফী, অ্যাডভেকেট আব্দুল্লাহ আল বাকী প্রমুখ। মানববন্ধনে রাজধানীর প্রগতি সরণিতে গাড়ি চাপায় বিইউপির শিক্ষার্থী আবরারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করা হয়।