ডাকসুর পুনঃতফসিল দাবিতে ছাত্রদলের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনঃতফসিলের দাবিতে গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘোরেন তারা।

মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। যেটা একটা কলঙ্কের নির্বাচন। এই নির্বাচন ঢাবির সব নির্বাচনকে কলঙ্কিত করেছে। এই কলঙ্কিত নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জড়িত।’ ছাত্রলীগের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ এনে তিনি বলেন, ‘১১ মার্চ কোনো নির্বাচন হয়নি। আগের রাতে ব্যালট বাক্স পাঠানো হয়েছে। ছাত্রলীগ রাতেই ব্যালটে সিল মেরেছে। হলগুলোতে অনাবাসিক শিক্ষার্থীরাও ভোট দিতে পারেনি।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ছাত্রদলের প্যানেল থেকে ডাকসু নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খন্দকার আনিছুর রহমান (অনিক), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী খোরশেদ আলম সোহেলসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা সেখানে ছিলেন।

এদিকে ডাকসু নির্বাচনে পর্যবেক্ষণকারী আট শিক্ষক অনিয়ম এবং কারচুপির যে অভিযোগ এনেছিলেন, তার প্রত্যেকটি অভিযোগ সত্য বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ শিক্ষকের শাস্তি দাবির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।