বিজয়নগরের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক চৌধুরী বাবলুর বিরুদ্ধে সজীব (৮) নামে এক শিশুকে চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার আমতলি দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। সজীব কালিসীমা গ্রামের রেজেক মিয়ার ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সজীবের মা জরিনা জানান, তার ছেলে লাকড়ি আনতে বাজারে গিয়েছিল। পরে বাবলুর দোকানের সামনে বসে থাকার সময় গাছের ছাল তোলার অভিযোগে তাকে ধরে আছাড় মারেন বাবলু। এরপর সজীবকে টেনেহিঁচড়ে দোকানের ভেতরে নিয়ে গিয়ে থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। অনেকে বাবলুকে অনুরোধ করলেও তিনি সজীবকে ছাড়েননি। খবর পেয়ে তিনি যাওয়ার পর গাছের ছাল তোলার জন্য ২ লাখ টাকা জরিমানা দাবি করেন বাবলু। নইলে সজীবকে মেরে ২ লাখ টাকা জরিমানা দেবেন বলে জানান। এ ঘটনার পরপরই সজীবকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আল মাহমুদ ভূঁইয়া নামে এক যুবকের পোস্ট করা ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে সজীবকে নির্যাতনকারীর পায়ে ধরে ‘আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন’ আকুতি জানাতে দেখা গেছে।
নির্যাতনের বিষয়ে জানতে বাবলুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে কথা বলা যায়নি বিজয়নগর থানার ওসি নোমানের সঙ্গেও। তবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, শিশুটির পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।