নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আজ তার কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষক-কর্মচারীরা। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ উপলক্ষে জমায়েত হন তারা।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘আজ নিরাপদ সড়ক আন্দোলনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা স্থগিত করেছি। আগামীকাল সকাল ১১টা পর্যন্ত যদি কোনো ফলাফল না আসে তাহলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করব।’
তিনি আরও বলেন, “শিক্ষক-কর্মচারীদের অনশনের একপর্যায়ে গত বছরের ৫ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব বলেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দাবি মেনে নিয়েছেন, অনশন ভেঙে আপনাদের প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন।’ পরে অনশন চলাকালে গত ১১ জুলাই মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিব মহোদয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়। একই দিন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অনশনরত অবস্থায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, রাশেদা কে চৌধুরী, তারেক জিয়া উদ্দিন এসে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দাবি অবশ্যই পূরণ করবেন। আপনারা বাড়ি ফিরে যান।’ প্রেস ক্লাবে অবস্থান সম্পর্কে শিক্ষক-কর্মচারীরা জানান, সারা দেশের দেড় হাজারের বেশি শিক্ষক-কর্মচারী পদযাত্রায় অংশ নিতে জড়ো হয়েছেন।