রিভলবার উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুমারখালী গ্রামে গতকাল বুধবার দুপুরে পুকুরে মাটি কাটার সময় পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। দুপুর ২টার দিকে মাটিকাটা শ্রমিকদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই রিভলবার উদ্ধার করে।

সিরাজদীখান থানার ওসি ফরিদউদ্দিন জানান, কুমারখালী গ্রামের হাসান আলীর পুকুরে মাটি কাটছিল বেশ কয়েকজন শ্রমিক। মাটি কাটার একপর্যায়ে শ্রমিকরা পুকুরে আগ্নেয়াস্ত্র দেখতে পায়। তারা সিরাজদীখান থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে পৌঁছে দেশীয় একটি রিভলবার উদ্ধার করে।

ওসি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে প্রায় ১০ বছর আগে কুমারখালী গ্রামে বড় ধরনের ডাকাতি হয়েছিল। গ্রামবাসীর ধাওয়া খেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পালানোর সময় তারা ওই রিভলবার পুকুরে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।