এপ্রিল থেকে রাজধানীর বাসে 'টিকিট ব্যবস্থা'

রাজধানীতে এপ্রিল থেকে টিকিট ব্যবস্থায় বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত হোসেন।

বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতাবিষয়ক এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার এনায়েত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার মূল কারণ চালকদের নেশা ও চুক্তিভিত্তিক গাড়ি চালানো। তাই এ দু’টি পথই বন্ধ করতে হবে। সামনের মাস থেকেই সব গাড়ি টিকিট সিস্টেমে চলবে। এই সময়ের মধ্যেই বাস মালিকদের টিকেট সিস্টেমে বাস চালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এ পরিবহন নেতা বলেন, ঢাকা মহানগরীতে সব বাস টিকিট সিস্টেমেই চলত। ছিনতাইকারীরা টাকা লুট করতে শুরু করল। ফলে বাধ্য হয়ে এক সময় চুক্তিভিত্তিক গাড়ি চালানো শুরু হলো। সেই সিস্টেমই এখনও চলছে।

‘প্রথমে হয়তো আমরা কাউন্টার পাব না। সেক্ষেত্রে রাস্তার পাশে ছাতার নিচে টিকিট বিক্রি করব। এরপর আমরা ধীরে ধীরে আবার কাউন্টারে ফিরে যাব। আমরা টিকিট সিস্টেমে আবার ফিরে আসব। আমরা চুক্তিভিত্তিক গাড়ি চালাব না।’