আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ছাত্র সংগঠন হোক আর শ্রমিক সংগঠন হোক কোথাও যদি কোন ঘটনা দুর্ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সব সময় উসকানি দেওয়ার চেষ্টা করে। কারণ বিএনপির নিজস্ব রাজনৈতিকভাবে কোন দায়িত্ব পালন করার এখন আর ক্ষমতা নেই, তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করারও কোন সুযোগ নেই, জনগণের কাছে যাওয়ারও কোন সুযোগ নেই। হানিফ বলেন. এইগুলোকে উসকানি দিয়ে বিএনপি রাজনৈতিক ভাবে আরো দেউলিয়া প্রমাণ করেছেন।
বৃহস্পতিবার কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা প্রসঙ্গে হানিফ বলেন, ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী দু’এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন বলেও আশা ব্যক্ত করেন।
আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি নেতাদের আন্দোলনের হুমকি দেশবাসী দেখেছে, বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কোন মাথাব্যথা নেই। এতিমের টাকা চুরি করে আদালতের রায়ে বেগম খালেদা জিয়া করাগারে আছেন, তাকে মুক্ত করার জন্য দেশের জনগণ কোন দায়িত্ব নেয়নি। জনগণের টাকা যারা মেরে খায় তাদের জনগণ কারাগারেই দেখতে চায়।
এ সময় কুষ্টিয়ার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী , জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।