বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশে বিরোধী দল রয়েছে। বিরোধী দল ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হয় না। সেই জন্য পরিপূর্ণ গণতন্ত্রের জন্য বিরোধী দল দরকার। এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিরোধী দল কে রাজনীতি করার সুযোগ দিন । তা না হলে দেশে গণতন্ত্র থাকবে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শরিয়া আন্দোলনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশের মানুষের ভোট দানের অধিকার অব্যাহত আছে কী না? সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে তিনি বলেন, জাতীয় নির্বাচনে আমরা দেখেছি সব দলের অংশ গ্রহণ ছিল, তবে এর ফলাফল নিয়ে নানা প্রশ্ন ছিল, কিন্তু উপজেলা নির্বাচন কী অংশগ্রহণ মূলক হয়েছে? সব দল কী সেখানে আছে, সব দল না থাকলে সেখানে কী অংশগ্রহণ মূলক নির্বাচন বলা যায়? এ প্রশ্ন সরকারের আত্মজিজ্ঞাসার প্রশ্ন। সরকারকে এ নিয়ে ভাবতে হবে কেন আজকে উপজেলা নির্বাচন অংশগ্রহণ মূলক হলো না।
তিনি বলেন উপজেলা নির্বাচনে প্রতিযোগিতা ছিল কিন্তু তা এক দলের মধ্যে, তাহলে এটা কী এক দলীয় নির্বাচন হয়ে গেল না?
ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম উল্লেখ করে তিনি বলেন, অনেক ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম, কেন কম আমরা যারা রাজনীতি করি তারা এ প্রশ্নগুলো নিয়ে উদাসীন থাকতে পারি না। আমাদের দেখতে হবে সরকারকে খুঁজে বের করতে হবে। ভোটাররা যদি নির্বাচন বিমুখ হয়ে যায় তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। গণতন্ত্র যাতে হুমকির মুখে না পড়ে সে জন্য বিরোধী দলকে রাজনীতি করতে হবে। বিরোধী দলের রাজনীতি নিশ্চিত করতে হবে। আর এ দায়িত্ব শুধু বিরোধী দলের নয় সরকারেরও।
বাংলাদেশে শরিয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আমির হাফেজ মাওলানা মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, বাংলাদেশ শরীয়াহ আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী মাসউদুর রহমান প্রমুখ।