বিয়ে মানেই অতিথিরা নানা উপহার নিয়ে হাজির হবেন। অতিথিদের উপহারে ভরে যাবে ঘর। কিন্তু কখনো কি দেখেছেন, নিজের বিয়েতে নিজেকেই উপহার দিতে? আগে এ রকম অভিজ্ঞতার মুখোমুখি না হলেও এবার তা চাক্ষুষ করতে পারবেন। আর এই অভিনব ঘটনা ঘটিয়েছেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। নিজের বিয়েতে নিজেকেই উপহার দিয়েছেন এ শিল্পী। অবশ্য নিজেকে দেওয়া তার এ উপহার চিরাচরিত কোনো গিফট আইটেম নয়, নিজের জন্য পুতুল নিয়ে এসেছেন গান উপহার। ‘সময়ের কাছে মিনতি’ শিরোনামের গানটি লিখেছেন তিনি নিজেই। শুধু তাই নয়, সুর ও কণ্ঠও তার।
এ বিষয়ে পুতুল বলেন, ‘আমি কথা দিয়েছিলাম, আমার বিয়ের দিনে একটি গান উপহার দেব। বলা যায়, নিজেকেই নিজের উপহার। ‘সময়ের কাছে মিনতি’ গানটিই নিজেকে উপহার দিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন।’
গানটি প্রকাশিত হয়েছে তার নিজের ইউটিউব চ্যানেল ‘পুতুল গান’-এ। ২১ মার্চ রাতে গানটি ইউটিউবে প্রকাশ করেন তিনি।
২০ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন সংগীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কানাডা প্রবাসী আলোকচিত্রী নূরুল ইসলামকে বিয়ে করেছেন তিনি। পুতুলের স্বামী কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি সেখানে ‘ওয়েডিং ফটোগ্রাফি এজেন্সি’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন।
বুধবার রাতে রাজধানী মোহাম্মদপুরের জাপান গার্ডেনের টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের ক্যামেলিয়ায় তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। এ বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন নানা অঙ্গনের তারকারাও।
উল্লেখ্য, ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে পরিচিতি পান পুতুল। এ যাবৎ পাঁচটি একক অ্যালবাম বের হয়েছে তার। পাশাপাশি একক গান প্রকাশ ও মঞ্চে নিয়মিত পারফর্ম করেন তিনি। গানের পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত পুতুল। কবিতা-উপন্যাস মিলিয়ে এখন পর্যন্ত তার চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।