‘কিশোর গ্যাং’ গ্রুপের বিরোধে উত্তরখানে স্কুলছাত্র খুন

রাজধানীর উত্তরখানে কিশোর গ্যাংদের দুই গ্রুপের দ্বন্দ্বে এবার খুন হয়েছে কামরুল হাসান হৃদয় (১৪) নামে এক কিশোর। সে উত্তরখানের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উত্তরখান থানার টেক পাড়া এলাকায় প্রতিপক্ষ গ্রুপের কিশোররা তাকে ছুরিকাঘাত করে।

উত্তরার আধুনিক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে উত্তর থানার পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দিন। নিহতের বাবার নাম কামাল হোসেন। তিনি পেশায় ব্যবসায়ী।

এর আগে গত দুই বছরে রাজধানীর উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, কাফরুল, মিরপুর, তেজগাঁও, ধানমন্ডি, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং গ্রুপের দ্বন্দ্বে অন্তত এক ডজন হত্যাকাণ্ড সংগঠিত হয়। 

হাসপাতাল থেকে উত্তরখান থানার পরিদর্শক নাসির উদ্দিন জানান, দেশ রূপান্তরকে জানান, উত্তরখান থানার সীমান্তবর্তী ফায়েদাবাদ টেকপাড়া এলাকায় উত্তরখান ও দক্ষিণ খান থানা এলাকার কয়েকটি কিশোরগ্রুপ প্রতিদিন আড্ডা দেয়। তাদের একটি গ্রুপের সঙ্গে অপর গ্রুপের দ্বন্দ্ব রয়েছে।

এ রকম বিবাদমান দু’টি গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার আগে হৃদয়কে ছুরিকাঘাত করে অপর পক্ষ।

এলাকার লোকজন তাকে গুরুতরও জখম অবস্থায় উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে হৃদয়কে মৃত ঘোষণা করে।

পরিদর্শক অপারেশন আরও বলেন, কারা হৃদয়কে ছুরিকাঘাত করেছে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ছুরিকাঘাত করে সবাই পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।