কাশ্মীর সীমান্তে গুলিতে ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতের এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। রাজৌরির সুন্দরবানি সেক্টরে নিহত ওই সেনাসদস্যের নাম যশ পাল (২৪)।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, মার্চের প্রথম তিন সপ্তাহে এ নিয়ে ১০০ বারের বেশি কাশ্মীরের কার্যত সীমান্ত নিয়ন্ত্রণরেখা (এলওসি) লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। ভারতের প্রতিরক্ষাবিষয়ক এক মুখপাত্র জানান, গত সোমবার রাতে পাকিস্তান সেনাবাহিনী এলওসির আখনুর ও সুন্দরবানি সেক্টরে ভারতের অভ্যন্তরে মর্টার বোমা ও ছোট অস্ত্র দিয়ে হামলা চালায়। অস্ত্রবিরতি লঙ্ঘন করে ওই হামলায় এক সেনাসদস্য নিহত ও চারজন আহত হন। ওই মুখপাত্র আরও বলেন, ‘রাইফেলম্যান করমজিৎ সিং মারাত্মক আহত হন। পরবর্তী সময়ে তার মৃত্যু হয়।’ গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ সদস্য নিহত হওয়ার পর কাশ্মীর সীমান্তে উত্তেজেনা চরমে পৌঁছায়।