উত্তরখানে ‘কিশোর গ্যাং’ দ্বন্দ্বে স্কুলছাত্র খুন

কিশোর গ্যাং হিসেবে পরিচিত দুটি গ্রুপের দ্বন্দ্বে এবার রাজধানীর উত্তরখানে এক স্কুলছাত্র খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার উত্তরখানের টেকপাড়া এলাকার এ ঘটনায় নিহত কামরুল হাসান হৃদয় (১৪) স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা কামাল হোসেন পেশায় ব্যবসায়ী।

এর আগে গত দুই বছরে রাজধানীর উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, কাফরুল, মিরপুর, তেজগাঁও, ধানম-ি, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং গ্রুপের দ্বন্দ্বে অন্তত এক ডজন হত্যাকাণ্ডের অভিযোগ আছে। উত্তরা থানার পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দিন জানান, টেকপাড়া এলাকায় প্রতিপক্ষ গ্রুপের কিশোররা তাকে ছুরিকাঘাত করে। উত্তরার আধুনিক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

দেশ রূপান্তরকে তিনি আরও জানান, উত্তরখান থানার সীমান্তবর্তী ফায়েদাবাদ টেকপাড়া এলাকায় উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার কয়েকটি কিশোর গ্রুপ প্রতিদিন আড্ডা দেয়। তাদের একটি গ্রুপের সঙ্গে অপর একটি গ্রুপের দ্বন্দ্ব রয়েছে। এরকম বিবদমান দুটি গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে সন্ধ্যার আগে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন জানান, কারা হৃদয়কে ছুরিকাঘাত করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ছুরিকাঘাত করে সবাই পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।