নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বন্দুকধারীর হামলার শিকার আল নুর মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ অনুষ্ঠিত হবে। দেশটির দুটি টেলিভিশন চ্যানেলে নামাজের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।
গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। আহত হন আরও ৪৬ জন, যাদের ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। ফেইসবুকে লাইভ করা হামলাকারী নিজেকে ব্রেন্টন ট্যারান্ট পরিচয় দেন।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ জানায়, গত মঙ্গলবার রাতে মসজিদের ভেতরে তদন্ত কাজ শেষ করেছে পুলিশ। এরপরই মসজিদে ধোয়ামোছাসহ কার্পেট বসানো, দরজা-জানালা ও পানির কল মেরামত, রং লাগানো, বাগান সজ্জার কাজ শুরু হয়ে যায়। নির্মাণ সহকারীদের ব্যস্ততা দেখা যায়। তবে তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
বাগান সজ্জার একটি প্রতিষ্ঠানের কর্মীরা মসজিদের সামনে কাজ করছিলেন। পারিশ্রমিক ছাড়াই তারা এ কাজ করে দিচ্ছেন বলে প্রতিষ্ঠানটি জানায়।
পুলিশের এক মুখপাত্র জানান, শুক্রবার আল নুর মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিদের ফিরিয়ে আনতে জোরেশোরে কাজ চলছে। লিনউড মসজিদও খুলে দেওয়া হবে এ সপ্তাহে। জনসাধারণের আস্থা ও নিরাপত্তার জন্য দুই মসজিদেই নিরাপত্তা জোরদার করা হবে।
স্থানীয় একটি মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি সাগাফ খান জানান, তিনি আবার মসজিদে ফিরে আসতে চান। স্থানীয় অন্য মুসলিমরাও একই কথা ভাবছেন। তিনি বলেন, ‘যা ঘটার ঘটে গেছে, এ রকম যাতে আর না ঘটে। মুসলিমরা অপেক্ষায় আছে কখন তারা মসজিদে নামাজ পড়তে যাবে।’
এদিকে কিউই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ঘোষণা দিয়েছেন, টিভি এনজেড এবং আর এনজেড চ্যানেলে শুক্রবারের জুমার নামাজ সরাসরি সম্প্রচার করবে। এ বিষয়ে জাতীয়ভাবে ঘোষণা দেওয়া হবে।