সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুত প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষার মানোন্নয়নে শিশুদের সার্বিক অগ্রগতির কথা তুলে ধরা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ প্রদান করা হয়। মানসম্মত শিক্ষা নিশ্চিতের পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার প্রদান, মেধা বিকাশে খেলাধুলায় উৎসাহিত করতে সুপারিশ করা হয়। দুর্গম এলাকার শিশুদের শিক্ষায় বিশেষ অগ্রাধিকার ও এসব এলাকায় কর্মরত শিক্ষকদের আবাসন সুবিধা নিশ্চিত করারও সুপারিশ করে কমিটি। এ ছাড়াও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক উপজেলায় অটিজম আবাসিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়।