জি সিনে অ্যাওয়ার্ডসের এবারের আসরে ‘সঞ্জু’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর। পুরস্কার হাতে নিয়ে সিনেমাটির পরিচালক রাজকুমার হিরানিকে ধন্যবাদ জানিয়ে সবাইকে চমকে দিলেন তিনি।
নির্মাতাকে ‘অসাধারণ মানুষ’ ও ‘অসাধারণ নির্মাতা’ হিসেবে অভিহিত করেন রণবীর। এর মাধ্যমে চলমান ‘মিটু’ আন্দোলনের দিকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নায়ক। এইবার প্রথম অভিযোগ ওঠা ব্যক্তি প্রসঙ্গে ‘অসাধারণ মানুষ’ মন্তব্য করা হয়েছে বলিউডে।
কয়েক মাস আগে ‘সঞ্জু’ সিনেমার এক নারী সহকারী রাজুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। বিষয়টির কোনো মীমাংসা না হলেও নির্মাতা নিজেকে আড়ালেই রেখেছেন। নতুন কোনো সিনেমার সঙ্গে যুক্ত হননি।
এ ঘটনার কারণে রাজুর সঙ্গে প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সম্পর্কের অবনতি হয় বলেও শোনা যায়। তবে সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে দুজনকে একসঙ্গে দেখা গেছে।
সর্বশেষ অস্কারের মঞ্চে ‘বোহেমিয়ান র্যাপসডি’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে একবারও পরিচালক ব্রায়ান সিঙ্গারের নাম নেননি রামি মালেক। কারণ এ নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে।
কাপুর পরিবার সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রণবীর সিদ্ধান্ত নিয়েছেন রাজকুমার হিরানির বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কিছু বললেন না। বর্তমানে এ নির্মাতা ও অভিনেতা জুটি নাকি পরবর্তী সিনেমার ছক তৈরি করছেন।