সামাজিক মাধ্যমে ভাইরাল এই কিউই পুলিশের ছবি

মাথায় কালো স্কার্ফ আর বক্ষের একপাশে গোলাপ গুঁজে রাখা কনস্টেবল মিশেল ইভান্স হাতে বুশমাস্টার সেমি-অটোমেটিক রাইফেল নিয়ে দাঁড়িয়ে। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মেমোরিয়াল পার্ক সমাধিস্থলের বাইরে দায়িত্ব পালন করছিলেন তিনি।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত হয়েছিলেন ৫০ মুসল্লি। এতে শোকে হতবিহ্বল হয়ে পড়ে গোটা জাতি।

আজ সেখানে বিশেষ আয়োজনের মধ্যদিয়ে যখন ফের জুমার নামাজ আয়োজন করা হয়, তখনই ইভান্সের এই শক্তিশালী ছবিটি তোলেন অ্যাসোসিয়েট প্রেস-এপির ফটো সাংবাদিক ভিনসেন্ট য়ু।

মুহূর্তেই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশংসায় ভাসতে থাকেন স্কার্ফ পরা এই নারী পুলিশ। একই সঙ্গে মুসলিমদের প্রতি অনন্য এই সহমর্মিতা দেখানোয় প্রশংসা কুড়ান নিউজিল্যান্ডের নাগরিকরাও।

আজ ক্রাইস্টচার্চের হেগলি পার্কে মুসলিম ছাড়াও জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। নিহত মুসলিম নারীদের সম্মানে হিজাব পরেন খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের হাজারো নারী। ওই ঘটনার স্মরণে দুই মিনিট নীরবতা পালন করে গোটা দেশ।

এই নারী পুলিশ কর্মকর্তার স্কার্ফ পরিহিত ছবিকে দেশটির সংখ্যালঘু মুসলিমদের প্রতি সহমর্মিতা ও সম্মানের স্মারক হিসেবে দেখছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, হামলার পর মুসলিমদের প্রতি সমবেদনা জানাতে আসা কিউই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকেও দেখা গিয়েছিল মাথায় হিজাবের মতো করে চাদর জড়াতে।

গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি প্রধান মসজিদে ব্রেনটন ট্যারেন্ট নামের এক শ্বেতাঙ্গ খ্রিস্টানের গুলিতে কয়েকজন বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। আহত হন আরও ৪৬ জন যাদের ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আল নুর মসজিদে হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।