‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’র আরও চার প্রদর্শনী

টানা সাত দিন মঞ্চায়িত হওয়ার পর দুই দিনের বিরতি নিয়ে আরও তিন দিন টানা মঞ্চায়িত হবে নতুন নাটক ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’। প্রখ্যাত সাহিত্যিক শহীদুল জহিরের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ মঞ্চে এসেছে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায়। গত ১৪ মার্চ থেকে ‘মুক্তিযুদ্ধের নাট্যোৎসব’ শিরোনামে এই নাটকটির প্রদর্শনী হয় ২০ মার্চ পর্যন্ত।

দুই ঘণ্টা ব্যাপ্তির এ নাটকে অভিনয় করছেন ২২ জন শিল্পী। নাটকটি প্রযোজনা করেছে নাট্যসংগঠন স্পর্ধা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতার এই মাসে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের মূল গল্পকার শহীদুল জহিরের একাদশ মৃত্যুবার্ষিকী এবং একাত্তরের সেই ভয়াবহ কালরাত্রি ২৫ মার্চকে স্মরণ করার উদ্দেশ্যে নাটকটি আগামী ২৩, ২৪ ও ২৫ মার্চ বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। ২৩ মার্চ সন্ধ্যা ৭:৩০ মিনিটে শহীদুল জহির-স্মরণে উৎসর্গীকৃত হবে নাটকটির প্রদর্শনী। পরের দিন ২৪ মার্চ সন্ধ্যা ৭:৩০ মিনিটে আরেকটি প্রদর্শনী হবে। এরপর ২৫ মার্চ বিকেল ৩:৩০ ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে দুটি প্রদর্শনী হবে ১৯৭১ সালের ২৫ মার্চে কালরাত্রিতে শহীদদের স্মরণে।

নাটকটিতে অভিনয় করছেন সোয়েরী সুলতানা, প্রদ্যুৎ কুমার ঘোষ, আব্দুর রাহীম, শরীফ সিরাজ, মহসিনা আক্তার, সউদ চৌধুরী, সোহেল রানা, যোজন মাহমুদ, উত্তম চক্রবর্তী, সরওয়ার জাহান উপল, পিজু পারভেজ, কৌশিক বিশ্বাস, ফয়সাল কবির সাদি, শাহীন সাইদুর, শোভন দাস, সজীব চন্দ্র সরকার, হাসান তাবিন, ইরফান উদ্দীন, সানজিদা মিশি। নেপথ্য কুশিলবের মধ্যে রয়েছেন পোশাক পরিকল্পনা: মহসিনা আক্তার, কোরিওগ্রাফি: অমিত চৌধুরী, মঞ্চ নির্মাণ আমানউল্লাহ খান মোনা।

উল্লেখ্য, ‘স্পর্ধা’ একটি প্রযোজনাভিত্তিক নাট্য সংগঠন। রিজওয়ান নাটকের সফলতার ধারাবাহিকতায় এ সংগঠনটি তৈরি হয়েছে। সংগঠনটির উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। অন্য স্থায়ী সদস্যরা হলেন মহসিনা আক্তার, সাইফুল ইসলাম মণ্ডল, মো. সোহেল রানা এবং মো. আবদুর রাহীম খান।