রাজধানীর গাউছিয়া মার্কেটে এক দোকানীর বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ইয়েলো কালেকশন নামে একটি দোকানে পণ্যের দাম নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে এক দোকানী ওই ছাত্রীকে মারধর করনে। এ ঘটনায় ওই ছাত্রী নিউমার্কেট থানা পুলিশের কাছে মৌখিক অভিযোগ দিলে পুলিশ দোকানটির তিন কর্মচারীকে আটক করেছে।
নিউমার্কেট থানার ওসি আতিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ইয়েলো কালেকশন নামে দোকানে একটি অলঙ্কারের দাম নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। দোকানি মেয়েটিকে অশ্লীল কথা বলে। একপর্যায়ে মেয়েটি প্রথমে দোকানীকে চড় মারেন। এরপর দোকানের কর্মচারীও তাকে পাল্টা থাপ্পড় মারেন। ঘটনার খবর পেয়ে দোকানে অভিযান চালিয়ে তিনজন কর্মচারীকে ধরে নিয়ে এসিছি। কিন্তু অভিযুক্ত কর্মচারী আগেই পালিয়ে গেছে।
আতিকুল ইসলাম আরও বলেন, মৌখিক অভিযোগকারী মেয়েটি এক বছর আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। লিখিত অভিযোগ দিলে ঘটনার তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।