জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যরা শপথ নেবেন এবং তারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।
শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে গত ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে সুলতান মনসুর শপথ নেওয়ায়, একইদিন বিকেলে জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামের সকল পদ থেকে বহিষ্কার করে। শপথ নিয়েই সংসদে যোগ দেন তিনি। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।
সুলতান মনসুর বলেন, আমি আগেও আওয়ামী লীগে ছিলাম, এখনও আওয়ামী লীগে আছি। আমি জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করলেও আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেনি বা আমি আওয়ামী লীগ ছেড়ে যায়নি। তাই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হয়েও আমি শপথ নিয়েছি।
তিনি জোর দিয়ে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যরাও নির্ধারিত সময়ে শপথ নেবেন এবং বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন।
এ সময় সুলতান মনসুরের সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা গণফোরামের সভাপতি মোতাহের আলম, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক এম এ মোহিত, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অজয় দাস, যুগ্ম-আহ্বায়ক হুসেন মুনসুর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা প্রমুখউপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তার উদ্যোগে ’৭৫-এ নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সময় নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।