নিয়ম ভেঙে চাকসু ভবনে আওয়ামী লীগ নেতার ভাগ্নির বিয়ে

শনিবার বিয়ে, তাই পুরো ভবনে করা হয়েছে আলোকসজ্জা। মূল ফটকে রঙিন বিয়ের গেট। তিন তলায় চলছে বর-কনের জন্য স্টেজ নির্মাণের কাজ। তবে এটি কোনো বিয়ে বাড়ি বা কমিউনিটি সেন্টার নয়। ভবনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু)।

শুক্রবার রাতে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, শনিবার চাকসু ভবনে বিয়ে হওয়ার কথা রয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীমের বোনের মেয়ের।

বিয়ের কনে সর্বশেষ নির্বাচনে নির্বাচিত চাকসু সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. কলিমের বোনের মেয়ে।

এ বিষয়ে জানতে চাইলে চাকসু কেন্দ্রের পরিচালক শাহেদ বীন ছাদিক দেশ রূপান্তরকে বলেন, পুরো ভবন ভাড়া দেওয়ার নিয়ম নেই। চাকসু ভবনের নিচতলা ও তিন তলার চাকসু কেন্দ্রের পরিচালক কক্ষের কিছু অংশ ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারী, কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারেন।

তিনি আরো বলেন, শনিবার বিয়ের অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা ভাড়া নিয়েছেন। তবে সেই কর্মকর্তার নাম জানতে পারেননি শাহেদ বীন ছাদিক।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম. নুর আহমদ বলেন, চাকসু ভবনের শুধু নিচতলা বিয়ে অথবা অন্য অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা তা ব্যবহার করতে পারবে।