অ্যাপলের সঙ্গে জোট বাঁধবে না নেটফ্লিক্স

ভিডিও স্ট্রিমিং পরিষেবার মধ্য দিয়ে পৃথিবীজুড়ে প্রভাবশালী মাধ্যমে পরিণত হয়েছে ‘নেটফ্লিক্স’। ধারণা করা হচ্ছে, আর এক দিন পরই একটি টেলিভিশন এবং ভিডিও পরিষেবা চালু করতে যাচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলও। অনলাইনের বিনোদনের ময়দানে নেটফ্লিক্স এবং অন্যান্য ভিডিও স্ট্রিমিং সংস্থার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এই পরিষেবাটি। এ ক্ষেত্রে অ্যাপলের সঙ্গে ভিডিও শেয়ারিংয়ে যাবে না নেটফ্লিক্স। গত সোমবার নেটফ্লিক্সের প্রধান রিড হেস্টিংস জানান, অ্যাপল টিভি পরিষেবায় দেখানো হবে না তাদের কোনো শো।

হেস্টিংস বলেন, ‘আমরা অ্যাপলের এই নতুন পরিষেবার সঙ্গে জোট বাঁধব না।’

তবে, নেটফ্লিক্স জোট না বাঁধলেও অ্যাপলের সঙ্গে এরই মধ্যে সংযুক্ত হয়েছে সিবিএস কর্প, ভায়াকম ইনকরপোরেটেড, লায়ন্স গেট এন্টারপ্রাইজ করপোরেশনের স্টারস এবং অ্যাপলের নিজস্ব কিছু মৌলিক কনটেন্ট। ওয়াল্ট ডিজনি কোং এবং এটিঅ্যান্ডটি ইনকরপোরেটেড ওয়ার্নার মিডিয়াও রয়েছে সেই তালিকায়।

প্রতিযোগিতার বিষয়ে হেস্টিংস বলেন, ‘নেটফিক্সের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ, তবে প্রতিদ্বন্দ্বীদের দ্বারা খুব একটা বিভ্রান্ত না হয়ে বরং তাদের কাছ থেকে শেখার থাকবে অনেক কিছুই। ধনী সংস্থা অ্যাপল, তারা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় রয়েছে।’

হেস্টিংস আরও বলেন, ‘তারা হয়তো কিছু দারুণ শো করতে চলেছে। অবশ্যই তা দেখে আমার হিংসা হচ্ছে। আশা করা যায়, তারা ভালো কিছু ধারণা নিয়ে শুরু করতে চলেছে, যা ভবিষ্যতে আমরাও গ্রহণ করতে পারি। নিশ্চয়ই আমরা ভালো প্রতিযোগী হব।’