মতিঝিলের মেসে ঢাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর মতিঝিলের একটি মেসে আনোয়ার হোসেন রানা (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রানা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানদশি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল ইসলামের ছেলে। সে ঢাবির বায়োকেমিস্ট্রি বিভাগের মাস্টার্সের ছাত্র।

জানা যায়, রানাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার সহপাঠী ও একই মেসের অন্য রুমের বাসিন্দা ওমর ফারুক ও রাশেদুল ইসলাম রাশেদ।

ওমর ও রাশেদ জানান, মতিঝিলের আরামবাগে ৪৮/২ নম্বর বাসার ৪ তলায় মেস করে থাকত রানা, রায়হান, অনিক, রাশেদুল ও নেসার। দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়লে বিকেল হয়ে গেলেও না ওঠায় রানাকে ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে রানাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুমমেটদের ধারণা, ঘুমের মধ্যেই স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখার জন্য সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আসমা জানান, রানাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ এখনই বলা যাবে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।