ধর্ষণের 'মিথ্যা মামলার হুমকি' দেওয়ায় খুন হন মানসি!

ভারতের মুম্বাইয়ের উঠতি মডেল মানসি দিক্ষিত ধর্ষণের 'মিথ্যা মামলার হুমকি' দেওয়ায় খুন হন বলে জানিয়েছে অভিযুক্ত কিশোর সৈয়দ মুজাম্মিল।

আদালতে দেওয়া জবানবন্দীতে এমনটা জানায় মুজাম্মিল। সে বলে, আমার সঙ্গে মানসির যোগযোগ হয় ফেসবুকে। সেখানে সে নিজের ছবি তোলার আগ্রহের কথা জানায়। আমি একজন ভালো ফটোগ্রাফার হলেও মডেল শ্যুটিঙের জন্য তখন আমার কাছে ক্যামেরা ছিল না।

মুজাম্মিল আরো বলে, সেদিন মানসি জানায় তার কাছে ভালো ক্যামেরা আছে। এ কথা বলে সে আমার বাসায় আসলেও ক্যামেরা নিয়ে আসেনি। হঠাৎ সে আমার কাছে টাকা দাবি করে। টাকা না দিলে ধর্ষণ অথবা শারীরিক নির্যাতনের মামলা দেবে বলে জানায়।

আদালতে অভিযুক্ত ওই যুবক আরো বলে, তখন তার সঙ্গে আমার ধস্তাধস্তি হয়। এরপর ধাক্কা লেগে সে পড়ে যায় ও একটি কাঠের টুলে মাথায় আঘাত পেয়ে নিহত হয়।

আদালতে মুজাম্মিলের আইনজীবী বলেন, সে ভেবেছিল মেয়েটি মারা গেছে তাই ভয়ে তাকে একটি ব্যাগে বন্দী করে পালিয়ে যায়।

৩ এপ্রিল এ মামলায় সৈয়দ মুজাম্মিলের জামিনের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ হয়। গত বছরের অক্টোবরের ১৫ তারিখ তার বিরুদ্ধে মানসি দিক্ষিতকে খুন করার অভিযোগ ওঠে।