টঙ্গীতে ছিনতাইকারী চক্রের মূল হোতা নয়ন ইসলাম ওরফে বাবুসহ (২৫) ছয়জনকে আটক করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ৫৭নং ওয়ার্ডের সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলো কামরুজ্জামান মিয়া (২৫), শরিফুল ইসলাম ওরফে শরীফ (২২), ইসমাইল হোসেন ওরফে জনি (১৮), রাসেল বেপারী (১৯) ও জাহাঙ্গীর আলম (২০)। তারা গাজীপুর, ঢাকা, পঞ্চগড় ও চাঁদপুরের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে র্যাব-১ জানায়, বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে এ চক্রের মূল হোতা বাবুসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১৯টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।