খালেদার মুক্তি চেয়ে ১০১ চিকিৎসকের বিবৃতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে ১০১ চিকিৎসক তাকে অবিলম্বে চিকিৎসা গ্রহণের সুযোগ দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তার মুক্তির দাবিও জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তারা এসব দাবি জানানধ। 

বিবৃতিতে বলা হয়, ‘খালেদা জিয়া আদালতে বলেছেন, যে মামলায় সাজা দেওয়া হয়েছে তা মিথ্যা, বানোয়াট, প্রহসনমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রকৃত বাস্তবতায় সাজার ক্ষেত্রে প্রমাণহীন। অথচ বিগত দশকে দেশে লক্ষ লক্ষ কোটি টাকার সীমাহীন দুর্নীতি, ব্যাংক কেলেঙ্কারি ও অর্থ লোপাটে সরকারের সকল কর্র্তৃপক্ষ কার্যত নীরব। এ অবস্থায় দেশের জনগণও খালেদা জিয়ার বক্তব্যের সঙ্গে একমত।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিত্যক্ত ঘোষণা করে সকল বন্দিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে তেমনি একটি স্থানে মধ্যযুগীয় কায়দায় বন্দি করে রাখা হয়েছে খালেদা জিয়াকে। ডিভিশন দেওয়া হলেও জানা গেছে যে, তার বিছানা, বালিশ ও আসবাবপত্রও অত্যন্ত নি¤œমানের ও ব্যবহার অযোগ্য। কেউ কেউ তার এই বন্দি অবস্থাকে বীভৎস নির্যাতনের প্রতীক; দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কনসেনট্রেশন ক্যাম্পের সাথে তুলনীয় বলে মনে করছেন।’ চিকিৎসকদের বিবৃতিতে বলা হয়, ‘উপযুক্ত স্বাস্থ্যসেবা সংবিধান বলে একটি মৌলিক অধিকার এবং এ বিষয়ে বন্দি-অবন্দি নাগরিক অবস্থা নির্বিশেষে সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে। বিশেষ করে বন্দি অবস্থায় সকল দায় সরকারের ওপর বর্তায়। জানা যায় যে, জেল-কোড অনুযায়ী যেকোনো বন্দি তার বিশেষ স্বাস্থ্যগত চাহিদার কারণে পছন্দের চিকিৎসকের সেবা পাওয়ার অধিকার রাখেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে সরকার সদিচ্ছা ও আন্তরিকতা প্রকাশে চরম ব্যর্থ হয়েছে বলে নানা মহলের বিশ্বাস প্রবল হচ্ছে। পাশাপাশি ধারাবাহিক বিষয়াবলি জনমনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়, জীবন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা পক্ষের ব্যাপক ও বহুমুখী ষড়যন্ত্র ও অভিসন্ধি বিষয়ে গভীর উৎকণ্ঠা জন্মানোর সুযোগ করে দিয়েছে।’