নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন, ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুক হামলা করে ৫০ মুসলিমকে হত্যাকারী ব্রেনটন ট্যারেন্টের যাবজ্জীবন কারাদণ্ড হবে। খবর খালিজ টাইমস।
শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) নির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে তিনি এ কথা জানান।
নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানান, ক্রাইস্টচার্চ শহরের আল নূর ও লিনউড মসজিদে হামলা করে ৫০ জনকে হত্যা এবং ৫০ জনকে আহত করা বন্দুকধারীকে বাকি জীবন কারাগারে একা কাটাতে হবে।
তিনি মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, কোনো শাস্তির মানদণ্ডে তার অপরাধের মাত্রা তুলনা সম্ভব নয়, কিন্তু ভুক্তভোগীরা অবশ্যই ন্যায়বিচার পাবে। এ সময় তিনি নিহতদের প্রতি শোক জানানো নিউজিল্যান্ডের মানুষের একাধিক ছবি দেখান।
১৫ মার্চ নিউজিল্যান্ডে দুটি মসজিদে চালানো সন্ত্রাসী হামলা, বর্ণবাদ, বিদেশিদের সম্বন্ধে অহেতুক ভয় এবং ইসলামোফোবিয়ার কারণে সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য ওআইসি সামিট চেয়ার হিসেবে তুরস্ক এই বৈঠক আহ্বান করে।