স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ইংল্যান্ডের গোল উৎসব

অসাধারণ হ্যাটট্রিকে ম্যাচটিতে সব আলো কাড়লেন রাহিম স্টার্লিং। এই উইঙ্গারের দুর্দান্ত পারফরম্যান্সে চেক রিপাবলিককে উড়িয়ে ইউরো বাছাইয়ে শুভ সূচনা করেছে ইংল্যান্ড।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার রাতে ইউরো ২০২০ বাছাইয়ের ‘এ’ গ্রুপের ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় গ্যারেথ সাউথগ্যাটের দল। স্টার্লিংয়ের তিন গোল ছাড়া একটি গোল করেন হ্যারি কেইন; অপর গোলটি আত্মঘাতী।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় ইংল্যান্ড। ২৪তম মিনিটে এগিয়ে যায় দলটি। জেডন সেনচোর ক্রস থেকে নিঁচু শটে গোলটি করেন স্টার্লিং। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। স্পট কিক থেকে গোলটি করেন স্বাগতিক অধিনায়ক। স্টার্লিংয়ের সুবাদেই পেনাল্টিটি পায় ইংল্যান্ড। ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন স্টার্লিং। ৬২তম মিনিটে প্রতিপক্ষের ভুলে ডি-বক্সে বল পেয়ে যান আক্রমণভাগের এই খেলোয়াড়। এক ডিফেন্ডার ও গোলরক্ষকের মাথার উপর দিয়ে জাল খোঁজে নেন তিনি। এর ছয় মিনিট পর নিজের তৃতীয় গোলটি করেন ম্যানচেস্টার সিটির এই তারকা। রস বার্কলির পাস ধরে লম্বা শটে দূরের পোস্টে বল জড়ান তিনি।

৭০তম মিনিটে কোচ স্টার্লিংকে উঠিয়ে নেওয়ার সময় সমর্থকরা তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান।

খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে পঞ্চম ও শেষ গোলটি পায় ইংল্যান্ড। গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে বসেন অতিথি দলের ডিফেন্ডার টমাস কালাস।

ইংল্যান্ড তাদের পরের ম্যাচে আগামী সোমবার পোডগোরিকায় মন্টেনিগ্রোর মুখোমুখি হবে।