কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর কাঁটাবনে মিছিল করেছে বিএনপি।
শনিবার দুপুর ১২টার দিকে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
কাঁটাবন মোড় থেকে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।
এর আগে সকাল ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্য দেন রিজভী।
তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এখন দুঃশাসনের মাত্রা আরও বৃদ্ধি করেছেন। দেশকে নিজের জমিদারিতে পরিণত করেছেন। সারাদেশের মানুষ রাষ্ট্রশক্তির দানবীয় আক্রমণের ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, দুনিয়া থেকে সরিয়ে দিতেই খালেদা জিয়াকে কারাগারে রেখে চালানো হচ্ছে নানাবিধ মানসিক ও শারীরিক নির্যাতন। গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্মূল করতেই দেশব্যাপী বিরোধী দল ও মত নির্মূলের খেলা শুরু করেছেন প্রধানমন্ত্রী।