সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে: ফখরুল

অবৈধ সরকার আজকে সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার তারা কেড়ে নিচ্ছে। আজকে কবি-সাহিত্যিককে, শিল্পী-সাংবাদিককে কারাগারে পাঠানো হচ্ছে। কেউ ভিন্নমত পোষণ করলে তাদের ওপর নির্যাতন নেমে আসে’।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কবি আল মাহমুদ স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শোক সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।

মির্জা ফখরুল বলেন, কিছুদিন পূর্বে পৃথিবীর বিখ্যাত সাহিত্যিক ও ভিন্নমতের একজন লেখক অরুন্ধতী রায় ঢাকায় এসেছিলেন বক্তব্য রাখার জন্য। কিন্তু যেখানে বক্তব্য রাখার কথা ছিল তারা সেটি বন্ধ করে দেয়, পরে অন্যত্র বক্তব্য প্রদানের স্থান ঠিক করা হলে সেখানেও বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত সরকার কিছুটা ভয় পেয়েও শেষপর্যন্ত বক্তব্য দিতে বাধ্য হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমার প্রশ্ন এই জায়গায় যারা আজকে ভিন্নমত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা টুকু নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন। সরাসরি নর্থ কোরিয়ার কিম এর মতো বলা উচিত যে- আমি এক দলীয় শাসন বিশ্বাস করি, আমি যা বলব সেটাই আইন, এ কথা বললেই তো হয়ে যায়। একটা ছদ্মবেশ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করে প্রতারণা করে একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি চালু করা হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,কখনো হতাশ হবেন না, হতাশ হওয়ার প্রশ্নই আসে না আমরা জয়ী হবই হবে।

তিনি বলেন, আমরা যদি আল মাহমুদের মতো আমৃত্যু লড়াই সংগ্রাম করতে থাকি তাহলে আমরা অবশ্যই পারব এবং আমরা জয়ী হব। এই বোধ আনতে হবে। এই বোধ না আনতে পারলে আমরা সফল হতে পারব না।

বিএনপি মহাসচিব বলেন,'কখনো হতাশ হবেন না হতাশ হওয়ার প্রশ্নই আসে না আমরা জয়ী হবই। যে রাজনীতি মানুষের কথা বলে কৃষকের কথা বলে যে রাজনীতি এই মাটির কথা বলে, সে রাজনীতি কখনো পরাজিত হতে পারে না।

জাসাসের সিনিয়র সহসভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় শোক সভায় আরও বক্তব্য দেন- গীতিকার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, নয়া-দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন,কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।