পরিবহন সেক্টরের ফ্রাংকেনস্টাইনকে রুখতে হবে: নাসিম

পরিবহন সেক্টরে বিশৃঙ্খলার জন্য প্রশাসনসহ কিছু শ্রমিক নেতা ও বাস মালিককে দায়ী করে তাদের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এই সমস্ত ফ্রাংকেনস্টাইনকে রুখতে হবে’।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে ও চলমান রাজনৈতিক বিষয়ে এই আলোচনার সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হ‌ুমায়ূন প্রমুখ উপস্থিত ছিলেন।

১৪ দলের মুখপাত্র বলেন, সড়কে নৈরাজ্য ও প্রশাসনের শৈথিল্যের বিরুদ্ধে ১৪ দল জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলনের অংশ হিসেবে সভা সমাবেশ ও সেমিনার করার কথাও বলেন নাসিম। তিনি বলেন, ছাত্র, তরুণ, গৃহবধূ মারা যাচ্ছে। হাইকোর্ট থেকে দশ লক্ষ টাকা দেবে, এটা কোনো কথা হলো? একটা জীবনের দাম কি দশ লক্ষ টাকা?

পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে না দাবি করে তিনি বলেন, ‘কেন তারা প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করছে না। এরা কারা- যারা আইন মানে না, যারা নিজেরা ফ্রাংকেনস্টাইন হয়ে গেছে। আওয়ামী লীগ করে বলে নিজেদেরকে ক্ষমতাধর ব্যক্তি মনে করে অনেকে, এই সমস্ত ফ্রাংকেনস্টাইনকে রুখতে হব ’।

কয়েকজন বাস মালিক ও শ্রমিক নেতার বাড়াবাড়ির কারণে এমনটা অভিযোগ করে তিন বলেন, ‘কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। প্রশাসন ও পরিবহন সেক্টরকে বলা হয়েছে। তবুও কেন এগুলো বাস্তবায়ন হচ্ছে না। এরা কারা? এ সমস্ত ক্ষমতাবান ব্যক্তি কারা? তারা হয় পরিবহন সেক্টরের নেতা, না হয় প্রশাসনের লোক।’

পুলিশের সমালোচনা করে নাসিম বলেন, ‘পুলিশ কমিশনার বলেছেন তারা কঠোর হবেন। আমি জিজ্ঞেস করি কঠোর হন নাই কেন এত দিন? কবে আর কঠোর হবেন আপনারা? প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কেন এগুলো বাস্তবায়ন হচ্ছে না?’

উপজেলা নির্বাচনের কথা তুলে ধরে নাসিম বলেন, স্থানীয় পর্যায়ে কিছু ছোট ছোট লাট (নেতা) আছে, যারা প্রধানমন্ত্রীর চেয়েও নিজেকে বেশি ক্ষমতাবান মনে করে। তাদের প্রার্থীকে জেতানোর জন্য এমন কোনো কাজ নেই যা তারা করে না। এটা হতে পারে না।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, আপনারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবেন কোথাও যাতে কারচুপি না হয়। নির্বাচনে জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। ভোটারদের আসতে দিতে হবে। আস্তে আস্তে ভোটাররা আসছেন। প্রশাসনেও কিছু অতি উৎসাহী কর্মকর্তা আছে বলে মন্তব্য করেন তিনি।

দলের নেতা–কর্মীদের উদ্দেশ্যে নাসিম বলেন, আওয়ামী লীগ পর পর তিনবার ক্ষমতায় আসতে পেরেছে কেবলমাত্র শেখ হাসিনার বিচক্ষণতা আর সময়োচিত সিদ্ধান্তের কারণে। অতি উৎসাহী হয়ে বা অতি ক্ষমতায় মত্ত হয়ে এই অর্জনকে দয়া করে নষ্ট করবেন না। বিএনপি জামায়াত নিঃশেষ হয়ে গেছে বলে আর কেউ চক্রান্ত করতে পারবে না, নেতাকর্মীদের এমনটা না ভাবতে বলেন নাসিম।