চোটের কারণে নিউ জিল্যান্ড সিরিজে দলের সঙ্গী হতে পারেননি। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ভাগ্য ছিটকে দেয় তাকে। তবে বিশ্বকাপের আগে শতভাগ ফিট হয়ে যাবেন বিলে বিশ্বাস তাসকিন আহমেদের। সবকিছুর আগে ইংল্যান্ড বিশ্বকাপকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।
চোটের কারণে বেশ কিছু দিন ধরেই দলের বাইরে ছিলেন। এরপর বিপিএলের পারফরম্যান্স দিয়ে তাসকিন জায়গা করে নেন নিউ জিল্যান্ড সফরের টেস্ট ও ওয়ানডে দলে। কিন্তু সিলেট সিক্সার্সের হয়ে শেষ ম্যাচে পাওয়া চোটই বদলে দেয় সব। তাসকিন ছিটকে যান পুরো সিরিজ থেকেই।
তবে ইতিমধ্যেই রানিং শুরু করেছেন তাসকিন। যেভাবে সেরে উঠছেন তাতে বেশ আশাবাদী তিনি। শনিবার তাসকিন মিরপুরে সংবাদমাধ্যমকে জানান, ‘‘আজকে আমার দ্বিতীয় রানিং সেশন হবে। আশা করি এভাবে চলতে থাকলে দ্রুত বোলিংও শুরু হবে আস্তে আস্তে। রানিংয়ের তীব্রতা বাড়ছে, এখন পর্যন্ত ব্যথা নেই।’’
‘‘এভাবে স্বাভাবিকভাবে সব চলতে থাকলে খুব দ্রুতই বোলিং শুরু করা যাবে। আল্লাহ যদি চায় এই মাসেই বোলিং শুরু করব।’’ সব ঠিক থাকলে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে মাঠে ফেরার স্বপ্নও দেখছেন এই পেসার।
কিন্তু বিশ্বকাপ সামনে রেখে একটু তাড়াহুড়ো কি করে ফেলছেন তাসকিন? তাড়াহুড়ায় করতে গিয়ে না আবার বড় ক্ষতিই হয়ে যায়। তাসকিন আসলে বিশ্বকাপকেই অগ্রাধিকার দিচ্ছেন, ‘‘সত্যি কথা বলতে আমি বিশ্বকাপকে অগ্রাধিকার দিচ্ছি। কারণ বিশ্বকাপ আমার স্বপ্ন। আমি জানি না কাল সকালে ঘুম থেকে উঠে কি হবে। অত লম্বা আমি চিন্তা করছি না। আমি গুরুত্ব দিচ্ছি ১০০% ফিট হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার।’’
২৩ বছর বয়সী তাসকিন আরো বলেন, ‘‘আমি ২০১৫ বিশ্বকাপ খেলেছি। বিশ্বকাপে খেলার শান্তিটাই অন্যরকম। এখনো মনে পড়লে বিশ্বকাপের স্মৃতি গুলো খুবই ভালো লাগে। ২০১৯ সালে আরেকটা বিশ্বকাপ আসছে। সবার কাছে আমি দোয়া চাইব সুস্থ থেকে বিশ্বকাপে যাওয়া ও ভালো করার।’’