ধোনির কাছে কোহলির হারে আইপিএল শুরু

আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। লো-স্কোরিং ম্যাচে তার দল হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

শনিবার আইপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে ৭ উইকেটে জয় পায় চেন্নাই।

নিজেদের মাঠে টস জিতে কোহলির বেঙ্গালুরুকে আগে ব্যাটিংয়ে পাঠান চেন্নাই অধিনায়ক ধোনি। তার সিদ্ধান্তকে শতভাগ সার্থক প্রমাণ করেন হরভজন সিং ও ইমরান তাহির। দুজনই নেন ৩টি করে উইকেট। বেঙ্গালুরু গুটিয়ে যায় মাত্র ৭০ রানে।

বেঙ্গালুরুর হয়ে একমাত্র ওপেনার অক্ষয় প্যাটেল লড়াই করেছেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৯ রান করেন তিনি। দলের অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্গ ছুঁতে পারেননি।

দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান করে এসেছে এবি ডি ভিলিয়ার্স ও মইন আলির ব্যাট থেকে। অধিনায়ক বিরাট কোহলি করেন ৬ রান।

জবাব দিতে নেমে দলীয় ৮ রানেই বিদায় নেন শেন ওয়াটসন। তবে অম্বতি রাইডুর ২৮, সুরেশ রায়নার ১৯ ও কেদার জাবদের অপরাজিত ১৩ রানে জয় নিশ্চিত করে চেন্নাই। তবে এত অল্প রান তাড়া করে জিততেও ১৭.১ বল পর্যন্ত খেলতে হয়েছে দলটিকে।