দোলেশ্বর, শাইনপুকুর ও বিকেএসপির জয়

ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে শনিবার জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেটে ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)।

সাইফের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে দোলেশ্বরের জয়

সাভারের বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল প্রাইম দোলেশ্বর ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সাইফ হাসানের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ৭ উইকেটে জয় তুলে নেয় দোলেশ্বর।

আগে ব্যাট করে ৯ উইকেটে ২৫৭ রান করেছিল খেলাঘর। জবাবে ২০ বাকি থাকতেই জয় নিশ্চিত করে দোলেশ্বর। সাইফ অপরাজিত ছিলেন ১৩২ রানে। খেলাঘরের পক্ষে ৮৬ রান করেন মহিদুল ইসলাম অঙ্গন। ৫৮ রান আসে সাদিকুর রহমানের ব্যাট থেকে। ম্যাচ সেরা হয়েছেন সাইফ হাসান।

ব্রাদার্সের বিপক্ষে বিকেএসপির নাটকীয় জয়

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে বিকেএসপি। ২ রানে ব্রাদার্সকে হারায় দলটি।

টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৭ রান করে বিকেএসপি। জবাবে ৯ উইকেটে ২৬৫ রানে থামে ব্রাদার্স। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন ছিল ব্রাদার্সের। হাতে তিন উইকেট। শেষ বল সহ মোট দুই উইকেট হারিয়ে ৯ রান নিতে পারে ব্রাদার্স।

বিকেএসপির পক্ষে এদিন ফিফটি পেয়েছেন তিনজন। শামিম হাসান ৭১, অধিনায়ক আকবর আলি ৫৬ ও পারভেজ হোসেন ইমন করেন ৬৯ রান করেন। ব্রাদার্সের পক্ষে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ শরিফ।

জবাবে ব্রাদার্সের পক্ষে ভারতীয় ব্যাটসম্যান সিরাজ গনি ৯৬ রানের ইনিংস খেলেন। ৫২ রান আসে জুনায়েদের ব্যাট থেকে। বিকেএসপির পক্ষে ৪ উইকেটে নিয়েছেন মুকিবুল ইসলাম। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শামিম হোসেন।

উত্তরাকে হারিয়ে শাইনপুকুরের প্রথম

টানা চার হারের পর আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। উত্তরা স্পোর্টিং ক্লাবকে দলটি হারিয়েছে ৮ উইকেটে। দলটির জয়ের নায়ক সাব্বির হোসেন। তবে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। আউট হন ৯৯ রান করে। তার আগে বল হাতে নেন ৩ উইকেট।

সাব্বিরের তোপে ৪৪.৪ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় উত্তরা। অপরাজিত ৫১ রান করেন মিনহাজুল আবেদিন। জবাবে সাব্বিরের ব্যাটে চড়ে ২৫.১ ওভারেই জয় নিশ্চিত করে শাইনপুকুর।