সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, আজাদ আবুল কালাম (পাভেল), জিতু আহসান, আইরিন আফরোজ, নীলাঞ্জনা নীলা, তানভীরের মতো জনপ্রিয় শিল্পীদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের জন্য নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন গুণী নির্মাতা বদরুল আনাম সৌদ। ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ শিরোনামের এ ধারাবাহিকটি রচনাও করেছেন তিনি। এরইমধ্যে টানা পাঁচদিন শ্যুটিং হয়ে গেছে নাটকটির, আরও চলবে কয়েকদিন। একটি পরিবারের মজার গল্প নিয়ে এগিয়ে গেছে ধারাবাহিকটির গল্প। এতে দেখা যাবে সুবর্ণা মুস্তাফা ও পাভেল দম্পতির দুই মেয়ে আইরিন ও নীলা। আইরিন বড় বোন আর নীলা ছোট বোন। হুট করে একদিন দুই বোনই বিয়ে করে বরসহ বাড়ি এসে ওঠে। তবে অবাক করার মতো বিষয় হলো বড় বোন আইরিন বিয়ে করে তার চেয়ে ছোট বয়সী তানভীরকে আর ছোট বোন নীলা বিয়ে করে তার চেয়ে বয়সে অনেক বড় জিতু আহসানকে। এই পরিবারের বাড়িতে ভাড়া থাকেন রাইসুল ইসলাম আসাদ। সব মিলিয়ে মজার মজার ঘটনা ঘটতে থাকে। আইরিন বলেন, ‘আমরা বিটিভি ও উত্তরার শ্যুটিং বাড়িতে শ্যুটিং করেছি। খুবই গোছানো টিম, গল্পটিও চমৎকার। কাজ করে আনন্দ লাগছে। তবে সবচেয়ে ভালো লাগছে গুণী নির্মাতা ও এত এত গুণী শিল্পীদের সান্নিধ্যে আসতে পেরে। অনেক কিছু শিখব এই কটা দিন, যা ভবিষ্যতে কাজে লাগবে।’