‘নিখিল সেন একটি প্রতিষ্ঠান, একটি বিস্ময়ের নাম। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার রাজনীতিবিদ ও সার্বজনীন সংস্কৃতির মানুষ। আমরা নিখিল সেনের প্রজন্ম।’ একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য অভিনেতা প্রয়াত নিখিল সেন স্মরণে বরিশালে আয়োজিত নাগরিক সভায় এসব কথা বলেন বক্তারা। বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে গত বৃহস্পতিবার রাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভা হয়।
এক মিনিট নীরবতা পালন এবং রবীন্দ্রনাথের ‘সমুখে শান্তি পারাবার...’ গানের সুরে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় স্মরণসভা। এরপর নিখিল সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আমির হোসেন আমু।
মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ‘নিখিল সেন ব্যক্তি ছাড়িয়ে সমাজ ও রাষ্ট্রের সম্পদ হয়েছেন। সিটি করপোরেশন তার মতো গুণী ব্যক্তিকে সম্মান জানাতে এই স্মরণসভার আয়োজন করেছে। এটা সিটি করপোরেশনের দায়িত্ব। আগামীতেও বরিশালের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাবে সিটি করপোরেশন।’
আলোচনায় অংশ নেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, সংস্কৃতিজন সাহান আরা বেগম, বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, পুলিশ কমিশনার মোশারফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান খাতুন।